
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
নেত্রকোনার মদনে দায়ের হওয়া একটি পর্নোগ্রাফি মামলার এজাহারভুক্ত প্রধান আসামী সানজিল মীর (২২) কে রাজধানীর ভাষানটেক এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১৪। সোমবার (১১ আগস্ট ২০২৫) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র্যাব সদর কোম্পানি, ময়মনসিংহ ও র্যাব-৪, মিরপুরের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভিকটিম একজন গার্মেন্টস কর্মী এবং আসামী সানজিল মীর একই এলাকায় বসবাস করতেন। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় আসামী ভিকটিমের গোসলের সময় আপত্তিকর ভিডিও ধারণ করে এবং তা ফেসবুকে প্রকাশের হুমকি দেয়। পরবর্তীতে ভিকটিমের সাথে বিয়ে করে গোপনে আরও ভিডিও ধারণ করে বিভিন্ন সময়ে টাকা দাবি করে আসামী।টাকা না পেয়ে আসামী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিকটিমের আপত্তিকর ছবি ও ভিডিও প্রকাশ করে। এ ঘটনায় ভিকটিমের বড় ভাই শাহ আলম বাদী হয়ে গত ৪ আগস্ট মদন থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর ৮(১)/৮(২)/৮(৩)/৮(৪)/৮(৫)(ক) ও দণ্ডবিধি ৫০৬ ধারায় মামলা দায়ের করেন।
আবুল কালাম আজাদ 
























