মো. শফিয়ার রহমান,
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের গদাইপুর মোড় এলাকায় ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় জলাবদ্ধতা ও ভাঙনের ঝুঁকি তৈরি হয়েছে। এতে স্থানীয় সড়ক, দোকানপাট, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দ্রুত ড্রেনেজটি নির্মাণ এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দারা জানান, গদাইপুর মোড়ের আরএইচ সড়ক ও ব্যবসায়ীদের দোকানের পাশের ড্রেনের পানি একটি কালভার্টের মাধ্যমে নিষ্কাশিত হয়। তবে পানি বের হওয়ার পথ সংকুচিত হয়ে যাওয়ায় পলিথিন ও বিভিন্ন আবর্জনা জমে প্রায়ই পানি চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সামান্য বৃষ্টি কিংবা অতিবৃষ্টিতেই নার্সারি, বসতবাড়ি, রাস্তাঘাটসহ আশপাশের এলাকা পানিতে তলিয়ে যায়। এতে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগের পর বিএনপির আহ্বায়ক চিকিৎসক আব্দুল মজিদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ইউপি চেয়ারম্যান ও সদস্যরাও এলাকা পরিদর্শন করেন। এ সময় ইউএনও জরুরি ভিত্তিতে দুটি প্রকল্পের প্রস্তাব দাখিলের জন্য ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেন।
তবে স্থানীয়দের দাবি, দীর্ঘদিন অতিবাহিত হলেও ড্রেনেজ নির্মাণ বা সংস্কারের জন্য কোনো বরাদ্দ পাওয়া যায়নি। এর মধ্যে পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত না করে ড্রেনটি খনন ও সম্প্রসারণ করায় সাম্প্রতিক অতিবৃষ্টিতে ড্রেনের দুই পাশ ধসে পড়েছে। এতে আরএইচ সড়ক ও পাশের দোকানপাটও ভাঙনের ঝুঁকিতে রয়েছে।
স্থানীয় ব্যবসায়ী কাজী আবুল বাশার খোকা বলেন, “দ্রুত ড্রেনেজটি নির্মাণ করা না হলে সড়ক ও দোকানপাট আরও ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে যান চলাচল, ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।”
গদাইপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান বলেন, “উক্ত স্থানে একটি পাকা ড্রেন নির্মাণ করা জরুরি। তবে এই মুহূর্তে কোনো বরাদ্দ নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে ড্রেন নির্মাণের কাজ শুরু করা হবে।”
এদিকে, এলাকাবাসী দ্রুত ড্রেনেজ নির্মাণের জন্য স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
Reporter Name 























