অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী, সরকার ও সংশ্লিষ্টদের গালিগালাজ করে ফেসবুকে ভিডিও প্রকাশের অভিযোগে গ্রেপ্তার কলেজশিক্ষার্থী সিফাত আব্দুল্লাহকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লং মার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, অতিষ্ঠ ও বিরক্ত হয়ে সিফাত যে বক্তব্য দিয়েছেন, সেটিকে কেন্দ্র করে তাকে এমনভাবে গ্রেপ্তার করা হয়েছে, যেন এর কারণে দেশে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। তার অভিযোগ, সিফাতকে থানায় নিয়ে নাজেহাল করা হয়েছে।
জামায়াত আমির বলেন, সিফাতকে ভালোয় ভালোয় মুক্তি দেওয়া উচিত। একই সঙ্গে তাকে মুক্তি না দিলে অতীতের বিভিন্ন আন্দোলনের ঘটনা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি।
সিফাতের ব্যবহৃত ভাষাকে জামায়াত সমর্থন করে না উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, তবে যে বিষয় নিয়ে তিনি প্রতিবাদ করেছেন, সেটি নিয়ে দেশের মানুষ প্রয়োজনে সোচ্চার হবে।
তিনি বলেন, “সিফাতের মুখের ভাষা দিয়ে নয়, কিন্তু যে বিষয়ে সে প্রতিবাদ করেছে, এ বিষয়ে বাংলাদেশের ১৮ কোটি মানুষ প্রয়োজনে সিফাত হয়ে গর্জন করবে।”
সমাবেশে ১১ দলীয় ঐক্যের ঘোষিত ছয় দফা দাবির পাশাপাশি আরও একটি দাবি তুলে ধরেন জামায়াত আমির। তিনি বলেন, দেশে কোনো চাঁদাবাজ ও দুর্নীতিবাজের অস্তিত্ব বরদাশত করা হবে না।
Reporter Name 
























