মো. মোনাহার মিয়া, স্টাফ রিপোর্টার
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস ও প্রসাধনসামগ্রী জব্দ করেছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)। রোববার (৪ অক্টোবর) রাতে উপজেলার দিগলকোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) সূত্রে জানা গেছে, চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান, বিজিইউএম, পিএসসি-এর সার্বিক দিকনির্দেশনায় সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় রোববার রাত আনুমানিক ৯টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতানিপাড়া বিওপির একটি বিশেষ টহলদল অভিযান চালায়। টহলদলটি সীমান্ত পিলার ১০৮৯/এমপি থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বকশীগঞ্জ উপজেলার দিগলকোনা এলাকায় পৌঁছালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন ভারতীয় প্রসাধনসামগ্রী জব্দ করা হয়। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১০০ পিস স্কিন সাইন ক্রিম, ৫৯৪ পিস চেইন ও ১৭ জোড়া কানের রিং। সব মিলিয়ে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস ও প্রসাধনসামগ্রী জব্দ করা হয়েছে।
জব্দ করা চোরাই পণ্য বিধি অনুযায়ী রৌমারী কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, “মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা তৎপর রয়েছে।”
Reporter Name 

























