মিরু হাসান, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় চোর সন্দেহে শামীম নামে এক যুবককে রাতভর নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ হত্যাকাণ্ডের জেরে স্থানীয়রা সকালে বগুড়া সদর উপজেলা নিশিন্দারা ইউনিয়ন পরিষদের সামনে কাঠের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করেন।
পরে সংবাদ পেয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। এরপর সকাল সাড়ে ৮টার দিকে অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে নেন।
চৌমুহনী গ্রামের মো. কুদ্দুসের ছেলে মো. শামীম নামে ওই যুবককে চোর সন্দেহে রাতভর নির্যাতন চালিয়ে গুরুতর আহত অবস্থায় ইউনিয়ন পরিষদের সামনে ফেলে রেখে যাওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
পরে স্থানীয়রা আহত শামীমকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শামীমের মৃত্যুর ঘটনায় স্থানীয় গ্রামবাসী সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ও স্থানীয়দের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়।
Reporter Name 
























