মোনতাহেরুল হক আমিন, বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালীতে মাদক পাচার, বিক্রি ও সেবন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
“সবাই মিলে শপথ করি, মাদকমুক্ত সমাজ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে বাঁশখালী থানা পুলিশের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীসমাজ, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রবিউল হকের নেতৃত্বে থানা চত্বর থেকে র্যালিটি শুরু হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ ও আলোচনা সভা। এতে বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য আমিনুর রহমান চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমদ ও সদস্য সচিব রাসেল চৌধুরী।
সমাবেশে ওসি মোহাম্মদ রবিউল হক বলেন, “বাঁশখালীকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে পুলিশ প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। গত কয়েক মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।”
তিনি বলেন, মাদকের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে পুলিশি নজরদারি ও তল্লাশি আরও জোরদার করা হয়েছে। তবে শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়; এর জন্য পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা প্রয়োজন।
সমাবেশে বক্তারা মাদকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
কর্মসূচির শেষ পর্যায়ে উপস্থিত সবাইকে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়।
এলাকাবাসী পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদক কারবারিদের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আশ্বাস দেন।
Reporter Name 





















