মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি
‘সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে বালিয়াকান্দি উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক আফরোজা পারভীন এ কর্মসূচির উদ্বোধন করেন। একই দিনে সারাদেশে কৃষক কার্ড কর্মসূচির পাইলট পর্যায়ের উদ্বোধন করা হয়। কর্মসূচির আওতায় নির্বাচিত কৃষকদের কৃষি উপকরণ সহায়তা হিসেবে ২ হাজার ৫০০ টাকা করে দেওয়ার কথা রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. তারিকউল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আবদুর রব তালুকদার, উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার ভূঁইয়া, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান বিল্লাল, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ আশিক এবং উপজেলা কৃষক দলের সভাপতি মহসিন হাসান।
অনুষ্ঠানে জানানো হয়, বালিয়াকান্দি উপজেলায় মোট ১ হাজার ৭০৮ জন কৃষককে কৃষক কার্ডের আওতায় এনে প্রত্যেককে ২ হাজার ৫০০ টাকা করে কৃষি উপকরণ সহায়তা দেওয়া হবে।
কৃষক কার্ড কর্মসূচির মাধ্যমে পর্যায়ক্রমে কৃষকদের কৃষি উপকরণ, সরকারি প্রণোদনা, সেচ, কৃষিঋণসহ বিভিন্ন কৃষিসেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, কর্মসূচিটি প্রি-পাইলট, পাইলট ও দেশব্যাপী বাস্তবায়ন—এই ধাপে এগিয়ে নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Reporter Name 




















