মোঃ জাহিদুর রহিম মোল্লা,
জেলা প্রতিনিধি, রাজবাড়ী
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) উপজেলা পল্লী উন্নয়ন দপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, বৃক্ষরোপণ, পুরস্কার বিতরণ এবং গাছের চারা বিতরণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান।
এছাড়াও বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি আব্দুল মালেক খান এবং সমবায়ী মীর মনিরুজ্জামান বাবুসহ অন্যান্য অতিথিরা।
বক্তারা বলেন, গ্রামীণ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পল্লী উন্নয়নের বিকল্প নেই। সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায়ী ও শ্রেষ্ঠ সমবায় সমিতির প্রতিনিধিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে উপকারভোগীদের মধ্যে ঋণের চেক এবং বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।
Reporter Name 
























