রাজবাড়ী জেলা প্রতিনিধি | মো. জাহিদুর রহিম মোল্লা
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া লিয়াকত আলী স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের হিজাব ও নিকাব পরিধান নিয়ে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রকাশের প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রতিষ্ঠানের শিক্ষক, সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।
রোববার (৩০ আগস্ট) সকালে প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ এ. কে. এম. সিরাজুল হক।
সভায় বক্তব্য দেন প্রতিষ্ঠানের শিক্ষক আসাদুজ জামান, সৈয়দ আলী মাস্টার ও আব্দুর রহিম। এছাড়া বক্তব্য রাখেন শিক্ষার্থী জান্নাতুল মাওয়ার মা পারভীন, শিক্ষার্থী জুবাইদার পিতা জহুরুল ইসলাম, শিক্ষার্থী মৃত্তিকা পারভীনের মা মুক্তা পারভীন, দশম শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান মারিয়ার পিতা, গাড়াকোলা কামরুজ্জামান হ্যাপী দাখিল মাদ্রাসার সুপার মো. ইউনুস আলী, নবম শ্রেণির শিক্ষার্থী সাদিয়ার অভিভাবকসহ স্থানীয়রা।
বক্তারা বলেন, স্থানীয় একটি পত্রিকা ও অনলাইন মাধ্যমে শিক্ষার্থীদের হিজাব ও নিকাব পরিধানের বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানের শিক্ষকদের জড়িয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা সঠিক নয়। এর ফলে সংশ্লিষ্ট শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
তারা আরও অভিযোগ করেন, এ ধরনের ভিত্তিহীন তথ্য প্রকাশের মাধ্যমে একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে।
বক্তারা জানান, প্রতিষ্ঠানের নির্ধারিত পোশাকবিধি মেনে চলার জন্য যেসব শিক্ষার্থীকে একাধিকবার সতর্ক করা হয়েছিল, সেই বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।
সভায় উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীরা ভবিষ্যতে তথ্য যাচাই-বাছাই না করে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের জড়িয়ে কোনো বিভ্রান্তিকর বা ভিত্তিহীন বক্তব্য ও তথ্য প্রচার না করার আহ্বান জানান।
একই সঙ্গে প্রতিষ্ঠানের সুনাম এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানানো হয়।
সংবাদ প্রেরক:
মো. জাহিদুর রহিম মোল্লা
বালিয়াকান্দি, রাজবাড়ী
Reporter Name 












