মো. মুক্তাদির হোসেন, বিশেষ প্রতিনিধি:
গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন বলেছেন, “আইন-শৃঙ্খলা রক্ষায় যাদের দায়িত্ব রয়েছে, আপনারা তা সঠিকভাবে পালন করবেন। আমি নির্দ্বিধায় বলতে চাই, কোনো অন্যায়, কোনো ধরনের অবিচার—সেটা দলের হোক বা দলের বাইরে হোক, যে-ই করুক না কেন, সে ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে যে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন। তাতে আমার পক্ষ থেকে বা দলের পক্ষ থেকে কোনো সুপারিশ থাকবে না। আমি কোনো সুপারিশ করবো না। যদি কেউ করে বা করতে চায়, সে ক্ষেত্রে আপনারা কঠোর হবেন।”
তিনি আরও বলেন, “আপনারা যখন অপারেশন পরিচালনা করবেন, তখন যদি কোনো শঙ্কা থাকে যে, এ কাজের জন্য কোথাও জবাবদিহি করতে হবে বা বদলি হতে হবে—তাহলে সেই চিন্তা করার কোনো কারণ নেই। যে কোনো ভালো কাজ করতে গিয়ে অপ্রিয় হলেও করবেন। আমি সর্বাত্মক সহযোগিতা করবো।”
তিনি বলেন, “সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। মাদক ব্যবসা, সেবন ও পরিবহন নিয়ন্ত্রণে পুলিশ, সাংবাদিক, শিক্ষকসহ সমাজের সচেতন মানুষকে নিয়ে মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে নিয়মিত মাদকবিরোধী সভা ও সেমিনার আয়োজন করা প্রয়োজন।”
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কালীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মো. জাহাঙ্গীর আলম, কালীগঞ্জ আর.আর.এন. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে. এম. নুরুল ইসলাম আল মোশাররফ ইবনে কাদির, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া এবং কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোরসালিন মেহেদী, প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. আবুল হোসেন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদা বেগম, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান আকন্দ ফারুক, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খাইরুল আলম, মোক্তারপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইয়ুব বাগমার, নাগরী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছা. কুহিনুর বেগম, কালীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় বক্তারা বলেন, বর্তমানে কালীগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কালীগঞ্জের যানজট নিরসন, শিক্ষার পরিবেশ উন্নয়ন, অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ, মাদক, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন নির্মূল, চুরি ও ডাকাতিসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। সমন্বিত উদ্যোগ ও সচেতনতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত কালীগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
Reporter Name 
























