মামুনার রশিদ মিঠু, নীলফামারী প্রতিনিধি:
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভুয়া ফেসবুক আইডি ও পেজ খুলে ব্যক্তিগত প্রতিষ্ঠান ও নিজের নামে অপপ্রচার চালানোর অভিযোগ করেছেন নীলফামারীর সৈয়দপুরের নারী উদ্যোক্তা সেবাবা ইসলাম।
সেবাবা ইসলাম সৈয়দপুর শহরের সাগর ইসলামের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে অনলাইনের মাধ্যমে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। পরিশ্রম ও সততার মাধ্যমে গড়ে তোলা তার ব্যবসা ভালোভাবেই চলছিল বলে জানান তিনি।
তবে সম্প্রতি অজ্ঞাত ব্যক্তি বা একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন ভুয়া ফেসবুক পেজ, আইডি ও গ্রুপ ব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা, অশালীন ও মানহানিকর পোস্ট প্রচার করছে বলে অভিযোগ করেন সেবাবা ইসলাম।
ভুক্তভোগীর দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ব্যক্তিগত জীবন, পারিবারিক বিষয় ও ব্যবসাকে ঘিরে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। এতে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি ব্যবসায়ও নেতিবাচক প্রভাব পড়ছে। অনেক ক্রেতা এসব অপপ্রচারে বিভ্রান্ত হয়ে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিচ্ছেন বলেও জানান তিনি।
সেবাবা ইসলাম বলেন, “আমি একজন নারী উদ্যোক্তা। নিজের পরিশ্রমে ব্যবসা করে পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। কিন্তু কিছু অসাধু ব্যক্তি পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আমাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছে। এতে আমি ও আমার পরিবার চরম মানসিক কষ্টের মধ্যে রয়েছি।”
তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি আইনগত পদক্ষেপ নিয়েছেন। এর আগে থানায় একটি মামলা দায়ের করা হয়। তদন্তের একপর্যায়ে পুলিশ একজন অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার করলেও বর্তমানে নতুন নতুন ভুয়া ফেসবুক আইডি ও পেজ খুলে একই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
আরেক নারী উদ্যোক্তা রাইসা আক্তার বলেন, “আমরা যারা অনলাইনে বিভিন্ন পণ্য নিয়ে ব্যবসা করি, তাদের জন্য অনলাইনে পরিচিতি খুবই গুরুত্বপূর্ণ। সেখানে যদি এমন অপপ্রচার চালানো হয়, তাহলে আমাদের কাজ করা কঠিন হয়ে পড়ে।”
এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, “তিনি একটি মামলা করেছেন। মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনগত প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
Reporter Name 























