
মো:জোনায়েদ হোসেন জুয়েল,
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
ভৈরবের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে রাখতে রাজপথে সক্রিয় অবস্থান নিয়েছে থানা পুলিশ। শহরের নিরাপত্তা জোরদার, অপরাধীদের অপতৎপরতা প্রতিরোধ এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে অর্ধশতাধিক পুলিশ সদস্য নিয়ে বিশেষ মহড়া পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৪টার দিকে ভৈরব থানা প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এ মহড়ায় নেতৃত্ব দেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান। পুলিশের সদস্যরা শহরের প্রধান প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও বিভিন্ন এলাকায় টহল দেন। মহড়ায় পুলিশের উপস্থিতি ও তৎপরতা ছিল চোখে পড়ার মতো।
পুলিশ সূত্রে জানা যায়, সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় অপরাধ দমন এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশের প্রস্তুতি জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে শহরজুড়ে এ বিশেষ মহড়া পরিচালনা করা হয়।
মহড়া শেষে ওসি মাহবুবুর রহমান বলেন, দেশের সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে ভৈরব থানা পুলিশ সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। গত বুধবার কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান শেলী ভৈরব থানা পরিদর্শন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। তাঁর নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
তিনি বলেন, ভৈরবের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে জনজীবনে অস্থিরতা তৈরি করতে চাইবে, তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভৈরবের সাধারণ ও শান্তিপ্রিয় মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান লক্ষ্য।
চুরি, ছিনতাই ও মাদকবিরোধী কার্যক্রম প্রসঙ্গে ওসি বলেন, এসব অপরাধের বিরুদ্ধে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান, টহল ও নজরদারি অব্যাহত রয়েছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়ার সুযোগ নেই।
তিনি আরও বলেন, ভৈরবে অস্থিতিশীল পরিবেশ তৈরির কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ দিন-রাত কাজ করছে। এ ক্ষেত্রে সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পুলিশের এ বিশেষ মহড়াকে ভৈরবের জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনের সতর্ক অবস্থানের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। স্থানীয়দের প্রত্যাশা, পুলিশের এমন তৎপরতা অব্যাহত থাকলে শহরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধপ্রবণতা কমিয়ে আনা আরও সহজ হবে।
Reporter Name 
























