শফিকুল ইসলাম শফিক, সুনামগঞ্জ প্রতিনিধি:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২০২৬ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রূপনগর গ্রামবাসীর উদ্যোগে বিরাট র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে হাজারো আশেকে রাসূল ও ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
বুধবার (২৬ আগস্ট), ১২ রবিউল আউয়াল উপলক্ষে সকাল ১০টায় ‘ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি, ৩ নম্বর ওয়ার্ড, বংশীকুন্ডা উত্তর’-এর ব্যানারে রূপনগর গ্রাম থেকে একটি বিশাল জশনে জুলুস বের করা হয়। কালেমার পতাকা ও নবীজির শানে বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
জুলুস শেষে যোহরের নামাজের পর ঈদগাহ ময়দানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অনুষ্ঠান উদযাপন কমিটির সভাপতি ও বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য মো. মজিবুর মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও পীরে কামেল শাহ মো. ওমর ফারুক সিদ্দিকী পীর সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার মো. শাহেদ আলী।
এ ছাড়া উপস্থিত ছিলেন মো. ওয়াহাব মিয়া, মো. মনজুর আলম, মো. ওয়াজ করনি, মো. তোফায়েল আহমেদ রাসেল, মো. রুবেল মিয়া ভূঁইয়া, মো. মনজুরুল হক, মো. মিনান্নোর নূর মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা।
প্রধান অতিথির বক্তব্যে শাহ মো. ওমর ফারুক সিদ্দিকী বলেন, “আজ আমরা যে মহান দিনে একত্রিত হয়েছি, এই দিনেই রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ মোস্তফা (সা.) এই ধরার বুকে শুভাগমন করেছিলেন। ঈদে মিলাদুন্নবী শুধু একটি অনুষ্ঠান নয়, এটি আমাদের ঈমানের দাবি। এত সুন্দর আয়োজনের জন্য ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি মেম্বার মো. মজিবুর মিয়াসহ রূপনগর গ্রামবাসী ও আয়োজক কমিটির সবাইকে ধন্যবাদ জানাই। আল্লাহ যেন এই মাহফিল কবুল করেন এবং আমাদের সবাইকে নবীজির শাফায়াত নসিব করেন।”
দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শাফায়াত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Reporter Name 





















