
সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক,
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ, যৌতুক, জুয়া ও মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় মধ্যনগর বাজার বি.পি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
সভায় এলাকার সুধীজন, শিক্ষক, রাজনৈতিক নেতা ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মো.শাহাবুদ্দিন শাহীন পিপিএম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদার, প্রেসক্লাব সভাপতি এম এ মান্নান, জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক এম শহিদ, হেফাজতে ইসলামীর সভাপতি মাওলানা আ. কুদ্দুছ প্রমুখ।
বক্তারা সমাজ থেকে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকের কুফল তুলে ধরে প্রশাসনকে কঠোর ভূমিকা রাখার আহ্বান জানান।
সভা শেষে জেলা প্রশাসক বি.পি উচ্চ বিদ্যালয়, মধ্যনগর থানা ও ভূমি অফিস পরিদর্শন করেন। এসময় তিনি বি.পি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, “খুব শিগগিরই মধ্যনগর উপজেলায় ভূমি কমিশনার পদায়ন করা হবে। উপজেলার অবকাঠামো নির্মাণকাজে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, “উপজেলার শতবর্ষী পুকুরের অবৈধ দখল উচ্ছেদ করে এটিকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার জন্য স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”
Reporter Name 






















