
সুনামগঞ্জ প্রতিনিধি:শফিকুল ইসলাম শফিক
সুনামগঞ্জের মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটে উপজেলার ১ নম্বর বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের গোলগাঁও বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মধ্যনগর থানা সূত্রে জানা গেছে, অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএম-এর দিকনির্দেশনায় এসআই নাজমুল ইসলাম, এসআই আমির উদ্দিন এবং এএসআই মো. আব্দুর রউফ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে গোলগাঁও বাজার এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় মো. জুয়েল মিয়া (২২), পিতা—মো. সাহেদ বাদশা, সাং—শ্রীপুর, ১ নম্বর বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন, থানা—মধ্যনগর, জেলা—সুনামগঞ্জকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মধ্যনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ১০(ক)/৪১ ধারায় মামলা (মামলা নং-০২, তারিখ: ২২ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএম বলেন, “মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। মধ্যনগর থানা এলাকায় মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদক উদ্ধার, গ্রেপ্তার এবং আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। এ ব্যাপারে সাধারণ মানুষের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
Reporter Name 






















