সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১২টায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত পথসভা ও আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াতের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২২৪ সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জনাব কামরুজ্জামান কামরুল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি দলের দীর্ঘ সংগ্রামের ইতিহাস তুলে ধরে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান। তিনি বলেন, “শহীদ জিয়ার আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপি জনগণের ভোট ও গণতন্ত্রের অধিকার আদায়ে রাজপথে রয়েছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাসার, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম ছয়ফুল, যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সোহেল, সাইদুর রহমান জিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুসাব্বির রহমান সাগর ও যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান।
এ সময় মধ্যনগর উপজেলা বিএনপি এবং এর অধীনস্থ সকল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ দলের প্রয়াত নেতাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
Reporter Name 




















