পিরোজপুর অফিস:
মাদকবিরোধী সভা-সমাবেশ ও সচেতনতামূলক কার্যক্রমের সংবাদ নিয়মিত প্রকাশ ও প্রচারের মাধ্যমে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সাংবাদিক হাসান মামুনকে ‘শ্রেষ্ঠ গণমাধ্যমকর্মী’ হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে।
একই অনুষ্ঠানে মাদক প্রতিরোধে বিশেষ অবদান রাখায় পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়। বুধবার (১৯ আগস্ট) পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত মাদকবিরোধী পর্যালোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসনের সহযোগিতায় ‘মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ’ এ অনুষ্ঠানের আয়োজন করে। মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগের আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ।
অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসান, সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমান ও সাংবাদিক জুবায়ের আল মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রধান অতিথি বলেন, মাদকের বিরুদ্ধে পিরোজপুরে ব্যাপক সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ আন্দোলনকে এমন পর্যায়ে নিয়ে যেতে হবে, যাতে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধে পিরোজপুর দেশের জন্য একটি উদাহরণ হয়ে ওঠে।
তিনি বলেন, মাদক প্রতিরোধে প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সামাজিক আন্দোলনের কমিটি গঠন করতে হবে। পাশাপাশি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে। পিরোজপুরকে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
জেলা প্রশাসক আরও বলেন, মাদক নিয়ন্ত্রণে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়। এর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি ও গণমাধ্যমসহ সব শ্রেণি-পেশার মানুষের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন। তরুণদের শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদক থেকে দূরে রাখতে হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদকবিরোধী সামাজিক আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর প্রভাব তুলে ধরার পাশাপাশি মাদক প্রতিরোধে পরিচালিত বিভিন্ন কার্যক্রমের সংবাদ প্রচারের মাধ্যমে জনসচেতনতা বাড়ানো সম্ভব।
এ সময় মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে মাদকবিরোধী অভিযানে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
সভা শেষে মাদকবিরোধী সামাজিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সাংবাদিক হাসান মামুনসহ বিভিন্ন পর্যায়ে সহযোগিতাকারীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সংশ্লিষ্টরা মাদকমুক্ত পিরোজপুর গড়ে তুলতে সামাজিক আন্দোলনকে আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
Reporter Name 























