
মো. ফজলুল কবির,
বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ
মাদকমুক্ত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারে বিশাল মানববন্ধন ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
“চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১০ জুন) বিকেল ৫টায় স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মাদকবিরোধী এই কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং মাদকদ্রব্য সেবন ও বিক্রির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদক আজ সমাজ ও যুবসমাজের জন্য ভয়াবহ হুমকিতে পরিণত হয়েছে। এই সামাজিক অভিশাপ থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
তারা আরও বলেন, মাদকের বিস্তারের পেছনে সামাজিক সচেতনতার ঘাটতি এবং কিছু ক্ষেত্রে প্রশাসনিক নজরদারির দুর্বলতা দায়ী। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারের সব ধরনের মাদকবিরোধী কার্যক্রমকে তারা সমর্থন জানান।
যুবসমাজকে মাদকের ছোবল থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরে বক্তারা জানান, মহেশপুর উপজেলার বিভিন্ন এলাকায় ফুটবল টুর্নামেন্টসহ নানা সামাজিক উদ্যোগ তরুণদের ইতিবাচক পথে রাখতে ভূমিকা রাখছে।
এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি নিয়মিতভাবে আয়োজনের আহ্বান জানানো হয়।
আরিফুল ইসলাম (আরিফ) ও মো. ইদ্রিস মিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন যাদবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম মাস্টার, মো. সোনা মিয়া, মো. সিরাজুল ইসলাম, মো. ওহিদুল হোসেন, মো. সবুজ হোসেন, মো. রাজ্জাক হোসেন, মো. লিটন, মো. সবুজ (বড়বাড়ি), মো. আনারুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশে একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত সামাজিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
Reporter Name 



























