তালুকদার কেমিক্যাল কোম্পানি ও এলাকাবাসীর অর্থায়নে নির্মাণকাজ, স্বস্তি পাবে স্থানীয়রা
সোহাগ মিয়া,
মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১১ নম্বর বাঘাসুরা ইউনিয়নের মানিকপুরে দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ একটি সড়কের পুরোনো কালভার্ট বড় পরিসরে পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয়দের চলাচল ও যোগাযোগব্যবস্থা সহজ ও নিরাপদ করতে তালুকদার কেমিক্যাল কোম্পানি ও এলাকাবাসীর অর্থায়নে কালভার্টটির নির্মাণকাজ শুরু হয়েছে।
মানিকপুর গ্রামের হযরত সুরুজ শাহ (রহ.) মাজারের পূর্ব পাশের সড়কে পুরোনো কালভার্টটি পুনর্নির্মাণের কাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার দুপুরে কালভার্ট নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন মানিকপুর গ্রামের মো. ফুল মিয়া, মো. মলাই মিয়া, মো. রঙ্গু মিয়া, মো. ফারুক মিয়া, মো. তাহির মিয়া, মো. আব্দুল হামিদ শাহ, মো. ছালেক মিয়া, মো. রফিক মিয়া, খালেক মিয়া, রাকিব হাসান সাওয়াল এবং সাংবাদিক সোহাগসহ স্থানীয়রা। এ সময় তাঁরা নির্মাণকাজের অগ্রগতি ও প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।
স্থানীয়রা জানান, গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিন এলাকার বাসিন্দা, শিক্ষার্থী, পথচারীসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। কিন্তু পুরোনো ও জরাজীর্ণ কালভার্টটির কারণে দীর্ঘদিন ধরে চলাচলে নানা ধরনের ভোগান্তি পোহাতে হয়েছে।
নতুন করে বড় পরিসরে কালভার্টটি নির্মাণ করা হলে পানি নিষ্কাশন ব্যবস্থা আরও কার্যকর হবে। একই সঙ্গে সড়ক দিয়ে মানুষের চলাচল ও যানবাহন চলাচলও সহজ ও নিরাপদ হবে বলে আশা করছেন এলাকাবাসী।
তালুকদার কেমিক্যাল কোম্পানি ও এলাকাবাসীর অর্থায়নে এমন একটি জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়ায় স্থানীয়দের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে। তাঁদের প্রত্যাশা, কালভার্টটির নির্মাণকাজ যথাযথভাবে সম্পন্ন হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং এ সড়কের যোগাযোগব্যবস্থায় আরও গতি আসবে।
Reporter Name 























