যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির নতুন এক ডলারের স্মারক কয়েনে জায়গা পেয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। বুধবার (২ সেপ্টেম্বর) নতুন এই স্মারক কয়েন উন্মোচন করেছে ইউএস মিন্ট।
কয়েনটির এক পাশে রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিকৃতি। এর সঙ্গে খোদাই করা হয়েছে ‘LIBERTY’, ‘IN GOD WE TRUST’ এবং ‘1776–2026’। অন্য পাশে রয়েছে মার্কিন প্রেসিডেন্টের সিল এবং দেশটির ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ প্রতীক।
আইনগতভাবে বৈধ মুদ্রা হলেও সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেনে ব্যবহারের জন্য ব্যাপকভাবে বাজারজাত করা হচ্ছে না কয়েনটি। মূলত স্মারক ও সংগ্রহের উদ্দেশ্যেই এটি বিক্রি করছে ইউএস মিন্ট।
বিক্রির কয়েক ঘণ্টাতেই স্টক শেষ
ইউএস মিন্টের নির্ধারিত মূল্য অনুযায়ী, ২৫টি স্মারক কয়েনের এক রোলের দাম ৬১ ডলার। অন্যদিকে ১০০ কয়েনের একটি ব্যাগের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫৪ ডলার ৫০ সেন্ট।
বিক্রি শুরুর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ইউএস মিন্টের ওয়েবসাইটে কয়েনটি স্টক-আউট হয়ে যায়। এতে স্মারক মুদ্রাটি সংগ্রহের প্রতি মানুষের ব্যাপক আগ্রহের বিষয়টি স্পষ্ট হয়েছে।
জীবিত প্রেসিডেন্টের প্রতিকৃতি নিয়ে বিশেষ অনুমোদন
যুক্তরাষ্ট্রে সাধারণভাবে জীবিত ব্যক্তির প্রতিকৃতি মুদ্রায় ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তবে ২০২০ সালে পাস হওয়া একটি আইনের বিশেষ বিধানের আওতায় ২০২৬ সালের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ট্রাম্পের প্রতিকৃতি সংবলিত এই স্মারক কয়েন তৈরির অনুমোদন দেওয়া হয়।
এর ফলে প্রায় এক শতাব্দী পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় প্রতিকৃতি থাকা প্রথম জীবিত মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নতুন নজির স্থাপন করলেন ট্রাম্প।
সোনালি রং, তবে নেই স্বর্ণ
দেখতে সোনালি হলেও কয়েনটিতে কোনো স্বর্ণ ব্যবহার করা হয়নি। এতে রয়েছে ৮৮ দশমিক ৫ শতাংশ তামা। বাকি অংশে রয়েছে জিংক, ম্যাঙ্গানিজ ও নিকেল।
স্মারক হিসেবে তৈরি এই কয়েনটি তাই শুধু যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর স্মৃতি বহন করছে না, একই সঙ্গে মার্কিন মুদ্রার ইতিহাসেও একটি ব্যতিক্রমী অধ্যায় যুক্ত করেছে।
কাগুজে মুদ্রাতেও আসতে পারে ট্রাম্পের ছবি
এদিকে যুক্তরাষ্ট্রের কাগুজে মুদ্রাতেও ট্রাম্পের প্রতিকৃতি যুক্ত করার পরিকল্পনার কথা আগেই জানিয়েছে মার্কিন প্রশাসন।
মে মাসে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছিলেন, ট্রাম্পের ছবি সংবলিত নতুন ২৫০ ডলারের নোট ইস্যুর পরিকল্পনা রয়েছে। এর আগে মার্চে ট্রেজারি বিভাগ জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের কাগুজে মুদ্রায় ট্রাম্পের স্বাক্ষরও যুক্ত করা হবে।
কোনো ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্টের ক্ষেত্রে কাগুজে মুদ্রায় এ ধরনের উদ্যোগও হবে একটি নজিরবিহীন ঘটনা।
Reporter Name 






















