
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুর উপজেলা-এ মাদক কারবারিকে ছাড়িয়ে নিতে থানায় গিয়ে আটক হওয়া বিএনপি-জামায়াত সমর্থিত পাঁচজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ।
রোববার (১০ মে) দুপুরে মিরপুর থানা পুলিশ মুচলেকা গ্রহণের পর তাদের ছেড়ে দেয়।
এর আগে শনিবার (৯ মে) রাতে মিরপুর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া এক মাদক কারবারিকে ছাড়িয়ে নিতে থানায় গেলে একজন ইউপি সদস্যসহ পাঁচজনকে আটক করা হয়।
আটকরা হলেন— এনামুল হক, সুজন আলী, আলাউদ্দিন, শফিকুল ইসলাম এবং সাইদুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে নওদা আজমপুর গ্রামে অভিযান চালিয়ে রবিউল ইসলাম-কে ৮ পিস ইয়াবাসহ আটক করে আমলা ক্যাম্প পুলিশ। পরে তাকে থানায় নেওয়া হলে স্থানীয় বিএনপি ও জামায়াত সমর্থিত কয়েকজন নেতা থানায় উপস্থিত হয়ে তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন।
পুলিশ জানায়, একপর্যায়ে তারা ওসির সঙ্গে তর্কে জড়িয়ে পড়লে পাঁচজনকে থানার হেফাজতে নেওয়া হয়।
ইব্রাহিম আলী বলেন, “মাদক নির্মূলে পুলিশের ভূমিকা প্রশংসনীয়। মাদক ব্যবসায়ী যেই হোক, তাকে ছাড় দেওয়া উচিত নয়। যারা ছাড়াতে গেছেন, তারা কোনো দলের প্রকৃত প্রতিনিধি হতে পারেন না।”
অন্যদিকে মহিউদ্দিন বলেন, আটক চারজন জামায়াতের কোনো কমিটিতে না থাকলেও তারা দলের সমর্থক এবং নির্বাচনে দলকে সমর্থন দিয়েছেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, “মাদক ব্যবসায়ীকে ছাড়ানোর জন্য বারবার অনুরোধ ও চাপ সৃষ্টি করা হচ্ছিল। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের হেফাজতে নেওয়া হয়।”
তিনি আরও বলেন, “রোববার সকালে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ভবিষ্যতের জন্য সতর্ক করে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। মিরপুরে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”
Reporter Name 





















