জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে নিউইয়র্কে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবেন তিনি।
রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন তুলে ধরবেন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরবেন।
সফরকালে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। এ ছাড়া জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাইডলাইন বৈঠকেও অংশ নেবেন প্রধানমন্ত্রী।
এসব বৈঠকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানান হুমায়ুন কবির।
ট্রাম্পের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হবে কি না—এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর সফরের মূল উদ্দেশ্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়া ও ভাষণ দেওয়া।
তিনি বলেন, সফরের সাইডলাইন বৈঠকগুলোর অনেক সিদ্ধান্তই শেষ মুহূর্তে চূড়ান্ত হয়। ট্রাম্পও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগ্রহের কথা জানিয়েছেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে যাওয়ার পর যাদের সঙ্গে বৈঠক বা সাক্ষাৎ হবে, তা গণমাধ্যমকে জানানো হবে। এ বিষয়ে কোনো কিছু গোপন রাখা হবে না বলেও জানান তিনি।
রোহিঙ্গা সংকট গুরুত্ব পাবে
প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে রোহিঙ্গা সংকটও বিশেষ গুরুত্ব পাবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, রোহিঙ্গা সংকটের সমাধানে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনা হবে। এ বিষয়ে একটি বিশেষ সাইডলাইন বৈঠক আয়োজনেরও উদ্যোগ রয়েছে।
হুমায়ুন কবির বলেন, বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকগুলোতে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পাশাপাশি রোহিঙ্গা ইস্যু বিশেষ গুরুত্ব পাবে।
Reporter Name 























