মো. মেহেদী হাসা, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কৌশিকের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি রাতে মাদক সেবন করেন এবং দিনের বেলায় দায়িত্ব পালন না করে কোয়ার্টারে ঘুমিয়ে থাকেন। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারী এ প্রতিনিধির কাছে এসব অভিযোগের কথা জানিয়েছেন।
জানা গেছে, ডা. কৌশিক পাবনা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করে ৪২তম বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি তিনি ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন। পরে ২০২৫ সালের ২৩ সেপ্টেম্বর আবাসিক মেডিকেল অফিসার হিসেবে পদোন্নতি পান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি গুরুত্বপূর্ণ পদ আবাসিক মেডিকেল অফিসার। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের সার্বক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করা, জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং হাসপাতালের ওয়ার্ড ও কেবিনের সার্বিক চিকিৎসাকাজ তদারকিসহ প্রশাসনিক কাজ করা একজন আবাসিক মেডিকেল অফিসারের দায়িত্ব।
অভিযোগ রয়েছে, ওই চিকিৎসক দীর্ঘদিন ধরে এসব দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না। জরুরি বিভাগে দায়িত্বে থাকা মেডিকেল অফিসারদের দিয়ে তাঁর দায়িত্বের বিভিন্ন কাজ করানো হয় বলেও অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। এতে অন্য চিকিৎসকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি মাদকাসক্ত। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে রাতে বিভিন্ন ধরনের মাদক সেবন করেন এবং দিনের বেলায় দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ঘুমিয়ে কাটান। পরে ইচ্ছেমতো সময়ে হাসপাতালে গিয়ে হাজিরা দিয়ে কাগজপত্রে স্বাক্ষর করেন বলেও অভিযোগ রয়েছে। এছাড়া হাসপাতালের একাধিক ওয়ার্ডবয় তাঁকে মাদক সরবরাহ করে আসছেন বলেও অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
তবে এসব অভিযোগ অস্বীকার বা স্বীকার না করে অভিযুক্ত ডা. কৌশিক বলেন, “বিষয়টি আপনাকে কে বলেছে, তা আমি জানি না। তবে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা স্বাস্থ্য কর্মকর্তাকে বলেন। আমি কিছু বলতে পারব না।”
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানমের বক্তব্য জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
পাবনার সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি জেনে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা 






















