
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি:
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনার বিচার এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা এ কর্মসূচি পালন করেন। এসময় ইন্টেরিম সরকারের কাছে চারটি দাবি পেশ করা হয়—
1. নিহত সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার নিশ্চিত করা।
2. নিহত সাংবাদিকের পরিবারের দায়িত্ব গ্রহণ।
3. সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বাঁধা দিলে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।
4. গণঅভ্যুত্থানে নিহত ও আহত সাংবাদিকদের তালিকা প্রণয়ন করে ব্যয়ভার বহন।

মানববন্ধনে রাবি প্রেসক্লাবের সভাপতি মনির হোসেন মাহিন বলেন, “সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে যেভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা আমরা সবাই দেখেছি। জুলাই-পরবর্তী সময়েও যদি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়—এই প্রশ্ন ইন্টেরিম সরকারের কাছে রাখছি।”
তিনি আরও বলেন, “আপনারা গদিতে বসেছেন শুধু এসির হাওয়া খাওয়ার জন্য নয়, বরং দায়িত্ব পালনের জন্য। যদি সেই দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে গদি ছেড়ে দিন।”
বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ইরফান তামিম বলেন, “বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি পূর্ববর্তী সরকারের চেয়েও করুণ। আমরা ভেবেছিলাম গণঅভ্যুত্থানের সরকার নাগরিক নিরাপত্তা নিশ্চিত করবে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে।”
রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সোহাগ আলী বলেন, “আজ পর্যন্ত যত সাংবাদিক হত্যা বা নির্যাতনের ঘটনা ঘটেছে, তার কোনো বিচার হয়নি। এই বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে এমন হত্যাকাণ্ড আরও বাড়বে।”
রাবি প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ সাকিব বলেন, “এই নৃশংস হত্যার পরও অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টার কাছ থেকে কোনো প্রতিবাদ বা বার্তা আসেনি—এটি অত্যন্ত দুঃখজনক।”
সমাবেশে ক্যাম্পাস ও শহরের প্রায় শতাধিক সাংবাদিক অংশ নেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় 
























