ভূমি মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষায় প্রক্সি প্রার্থী দিয়ে লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার অভিযোগে মৌখিক পরীক্ষা দিতে এসে আটক হয়েছেন ছয় প্রার্থী।
শুক্রবার (২৮ আগস্ট) সচিবালয়ের ৪ নম্বর ভবনের ৩৩৭ নম্বর কক্ষে মৌখিক পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়। গভীর রাতে ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
হাতের লেখায় অসঙ্গতি, জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি
ভূমি মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ১১ এপ্রিল। পরে ১৫ মে অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা।
শুক্রবার ৮০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়ার সময় কয়েকজনের হাতের লেখা ও মেধা যাচাইয়ে অসঙ্গতি নজরে আসে। বিষয়টি সন্দেহজনক মনে হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ছয় প্রার্থী প্রক্সি প্রার্থীর মাধ্যমে লিখিত পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হওয়ার কথা স্বীকার করেন।
যাদের আটক করা হয়েছে
আটক ছয় প্রার্থী হলেন—সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মো. রবিউল, রংপুরের মিঠাপুকুর উপজেলার মো. আসাদুজ্জামান খান, বগুড়ার সোনাতলা উপজেলার মো. রাকিব হাসান, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মো. রাকিবুল হাসান, বগুড়ার সোনাতলা উপজেলার মো. শুভ মিয়া এবং নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মো. সবুজ ইসলাম।
সচিবালয় থেকে নেওয়া হয় থানায়
ঘটনার বিষয়টি জানার পর ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে শাহবাগ থানাকে অবহিত করা হয়। পরে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল আলমের তত্ত্বাবধানে রাত ৯টা ৫০ মিনিটের দিকে ছয় প্রার্থীকে বাংলাদেশ সচিবালয় থেকে শাহবাগ থানায় নেওয়া হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানিয়েছেন, আটক ছয় প্রার্থীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
নিয়োগ পরীক্ষার লিখিত ধাপে প্রক্সি দেওয়ার অভিযোগে মৌখিক পরীক্ষার সময় ছয় প্রার্থী আটক হওয়ার ঘটনায় সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।
Reporter Name 






















