‘তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই’
মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর শহরের পুরান বাজারে উৎসবমুখর পরিবেশে ‘শহীদ জিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে পুরান বাজারের পশ্চিম শ্রীরামদী এলাকার মাঠে এ আয়োজন করা হয়।
ফাইনাল খেলায় টিম টাইগার্সকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে একতা স্পোর্টিং ক্লাব।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন চাঁদপুর পৌরসভার মেয়র প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. মোশারফ হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে মোশারফ হোসাইন বলেন, তরুণ সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে প্রতিযোগিতা ও শৃঙ্খলার মনোভাব তৈরি হয়। পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শরীর ও মন ভালো রাখতে ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির অভিভাবক শেখ ফরিদ আহমেদ মানিক চাঁদপুরকে মাদকমুক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে তিনি ধন্যবাদ জানান।
চাঁদপুর পৌরসভা প্রসঙ্গে মোশারফ হোসাইন বলেন, চাঁদপুর দেশের প্রাচীনতম পৌরসভাগুলোর একটি। নানা সম্ভাবনা থাকা সত্ত্বেও পৌর এলাকার মানুষের জীবনমানের প্রত্যাশিত উন্নয়ন হয়নি বলে তিনি মন্তব্য করেন। চাঁদপুর পৌরসভাকে সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে তিনি এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।
অনুষ্ঠানে বিএনপি নেতা হারুনুর রশিদ, মরন হাওলাদার, চুন্নু মিয়া, আনোয়ার লস্কর, আনোয়ার ছৈয়ালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আয়োজক কমিটির প্রতিনিধি আরমান চৌকিদার, আলমগীর হোসেনসহ অন্য আয়োজকরা।
টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নেয়। ফাইনাল খেলায় রেফারির দায়িত্ব পালন করেন নজরুল ইসলাম পিন্টু।
খেলা শেষে চ্যাম্পিয়ন একতা স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের হাতে ২০ হাজার টাকা এবং রানার্সআপ টিম টাইগার্সের খেলোয়াড়দের হাতে ১০ হাজার টাকা প্রাইজমানি তুলে দেন অতিথিরা।
ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। কয়েক হাজার দর্শক মাঠের চারপাশে অবস্থান নিয়ে ফাইনাল খেলা উপভোগ করেন।
Reporter Name 


















