সিহাব আলম সম্রাট, রাজশাহী
রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত দোমাদী আদর্শ উচ্চ বিদ্যালয় স্থানীয় কয়েকটি গ্রামের শিক্ষার অন্যতম প্রধান কেন্দ্র। কিন্তু দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের মাঠ ও যাতায়াতের রাস্তাটির বেহাল দশার কারণে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়দের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
সামান্য বৃষ্টি হলেই রাস্তা ও বিদ্যালয় প্রাঙ্গণে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। কাদা ও জমে থাকা পানির কারণে ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের হেঁটে স্কুলে আসা-যাওয়া করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে। বৃষ্টি হলেই যাতায়াত ব্যবস্থার এমন দুর্দশার কারণে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসতে চায় না, যা তাদের শিক্ষার স্বাভাবিক গতিকে ব্যাহত করছে। আশপাশের কয়েকটি গ্রামের মধ্যে একমাত্র মাধ্যমিক বিদ্যালয় হওয়ায় প্রতিষ্ঠানটির গুরুত্বও অপরিসীম। এ অবস্থায় দ্রুত সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।
দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের মাঠ এবং যাতায়াতের রাস্তাটির বেহাল দশার কারণে প্রতিদিন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এমতাবস্থায় বিদ্যালয়ে আসা-যাওয়ার রাস্তাটি দ্রুত মেরামত ও মাটি ভরাট করে মাঠের সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি।
উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বলেন, “একটু বৃষ্টি হলেই বিদ্যালয় প্রাঙ্গণ ও একমাত্র যাতায়াতের রাস্তাটিতে পানি জমে মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়। হাঁটুসমান কাদা ও পানি অতিক্রম করে চরম ঝুঁকি নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে যেতে হয়। কাদা-পানির কারণে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে এবং শিক্ষার্থীদের জামাকাপড় নষ্ট হচ্ছে। ফলে বর্ষা মৌসুমে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে, যা শিক্ষার স্বাভাবিক পরিবেশ ও গতিকে মারাত্মকভাবে ব্যাহত করছে।”
স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের দ্রুত বিষয়টি পরিদর্শন করে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও বিদ্যালয় কর্তৃপক্ষ।
তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিদ্যালয়ের যাতায়াতের রাস্তা ও মাঠ সংস্কারে কার্যকর উদ্যোগ নেবে। এর মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে এবং বিদ্যালয়ে একটি সুন্দর ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে।
Reporter Name 























