
পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
নারীর প্রতি সহিংসতা কমানো, জেন্ডার সমতা প্রতিষ্ঠা এবং নারীর অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে সাতক্ষীরার শ্যামনগরে নারী সদস্যদের স্বামী ও যুবকদের নিয়ে দিনব্যাপী সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকাল ১০টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সিসিডিবির শক্তি প্রকল্প কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারী, পুরুষ ও যুবদের উন্নয়নের লক্ষ্যে সিসিডিবির শক্তি প্রকল্প এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় সভাপতি ও প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি-শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নিলীমা রানী। সহায়ক প্রশিক্ষক হিসেবে ছিলেন নারী সদস্য শুভ্রা রানী মণ্ডল ও তন্দ্রা রানী। এ সময় সিসিডিবি-শক্তি প্রকল্পের সব কর্মী উপস্থিত ছিলেন।
কর্মশালায় মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারী সদস্যদের স্বামী, যুব দলের সদস্য এবং নারী দল থেকে দুজন নারী সদস্যসহ মোট ২৫ জন অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক নিলীমা রানী ও সহায়ক প্রশিক্ষক শুভ্রা রানী মণ্ডল জেন্ডার, জেন্ডার সমতা এবং নারীর এগিয়ে যাওয়ার ক্ষেত্রে স্বামীর ভূমিকা নিয়ে আলোচনা করেন। প্রশিক্ষক তন্দ্রা রানী নারীর অধিকার ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার বিষয়ে আলোচনা করেন।
কর্মশালায় অংশগ্রহণকারী ভবসিন্ধু মণ্ডল বলেন, “এটি একটি সময়োপযোগী কর্মশালা। গ্রামের কিছু প্রবীণ ব্যক্তিকে এ ধরনের কর্মশালায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হলে এটি আরও ফলপ্রসূ হতো।”
অপর অংশগ্রহণকারী আবু নাঈম বলেন, “এই কর্মশালা থেকে নারীর প্রতি সহিংসতা নিরসনে অনেক কিছু শিখেছি। অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সমাজে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখতে পারব বলে আশা করছি।”
আয়োজকরা জানান, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারী-পুরুষের সমতা এবং নারীর অধিকার সম্পর্কে পরিবার ও সমাজের পুরুষদের সচেতন করা এ ধরনের কর্মশালার অন্যতম উদ্দেশ্য।
Reporter Name 
























