ওসমান গনি, বান্দরবান প্রতিনিধি
“সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬”-এর পুরুষ বিভাগের দ্বিতীয় সেমিফাইনালে লামা উপজেলা পুরুষ দলকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বান্দরবান সদর উপজেলা পুরুষ দল।
আজ বিকেল ৩টা ৫০ মিনিটে বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময়ে উভয় দলই আক্রমণ-পাল্টা আক্রমণে প্রতিদ্বন্দ্বিতা করলেও কোনো দল গোল করতে পারেনি। ফলে ম্যাচটি গোলশূন্য (০-০) সমতায় শেষ হয়।
পরে ম্যাচের ফল নির্ধারণে টাইব্রেকার অনুষ্ঠিত হলে বান্দরবান সদর উপজেলা পুরুষ দল ৪-৩ গোলে লামা উপজেলা পুরুষ দলকে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করে।
ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বান্দরবান সদর উপজেলা দলের গোলরক্ষক ইমন বড়ুয়াকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। টাইব্রেকারে তিনি দুটি শট প্রতিহত করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
এই জয়ের মধ্য দিয়ে “সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬”-এর পুরুষ বিভাগের ফাইনালে জায়গা করে নিল বান্দরবান সদর উপজেলা পুরুষ দল।
Reporter Name 
























