
মো. আ. মান্নান,
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক ইত্তেফাক-এর তাহিরপুর উপজেলা প্রতিনিধি এবং হযরত শাহ আরেফিন (র.) আস্তানার সদস্য সচিব আলম সাব্বিরের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে প্রতিবাদ সভা করেছে তাহিরপুর উপজেলা প্রেসক্লাব।
সোমবার (২৯ জুন) উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সিলেটের ডাক-এর প্রতিনিধি রমেন্দ্র নারায়ণ বৈশাখ।
সভায় বক্তারা বলেন, হযরত শাহ আরেফিন (র.) আস্তানার সদস্য সচিব হিসেবে আলম সাব্বির দীর্ঘ ৩২ বছর ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। প্রতি বছর সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে মাজারের আয়-ব্যয়ের হিসাব স্বচ্ছভাবে প্রকাশ করা হয় এবং ওই কমিটির সভাপতি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা দায়িত্ব পালন করেন।
বক্তাদের দাবি, সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত বিদ্বেষ থেকে আলম সাব্বিরকে মাদক কারবারি ও মাদকসেবী হিসেবে আখ্যায়িত করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে।
প্রতিবাদ সভায় আলম সাব্বির বলেন, “আমি সবসময় মাদকের বিরুদ্ধে কাজ করেছি। একটি কুচক্রী মহল আস্তানার অর্থ আত্মসাতের অভিযোগের সঙ্গে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে জড়িয়ে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী হিসেবে অপপ্রচার চালাচ্ছে। এতে আমার দীর্ঘদিনের সাংবাদিকতা পেশা ও সামাজিক সুনাম ক্ষুণ্ন হয়েছে। এ ধরনের অপপ্রচারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।”
সভা থেকে বক্তারা অবিলম্বে মিথ্যা প্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিক আলম সাব্বিরের সম্মানহানির জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।
সভায় উপস্থিত ছিলেন দৈনিক সংবাদ-এর প্রতিনিধি কামাল হোসেন রাফি, এনটিভি ইউরোপ প্রতিনিধি জাহাঙ্গীর আলম ভূঁইয়া, দৈনিক ভোরের ডাক-এর প্রতিনিধি শামসুল আলম আখঞ্জি, খোলা কাগজ-এর প্রতিনিধি রুকন উদ্দিন, দৈনিক বাংলা-এর প্রতিনিধি আবুল কাশেম, বাংলাদেশ বুলেটিন-এর আব্দুল আলিম ইমতিয়াজ, দৈনিক তৃতীয় মাত্রা-এর প্রতিনিধি শফিকুল ইসলাম, দৈনিক এদিন-এর প্রতিনিধি শামায়ুন আহমদ, নিউজ বাংলা-এর প্রতিনিধি বাবুল আহমদ, দৈনিক সংগ্রাম-এর প্রতিনিধি তৌহিদুল ইসলামসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
Reporter Name 












