
সুপ্ত বাসনা
রফিকুল ইসলাম ভুলু
কোথা থেকে এলেম আমি,
আবার কোথায় যাবো চলে?
ভাবিয়া নাহি খুঁজে পেলাম—
কেনো যেতে হবে সকল কিছু ফেলে?
একদিন হয়তো চলে যাবো
অনন্ত শান্তির নীরব আঁধারের পরম দরবারে,
আর নাহি ফিরে আসা হবে
দুনিয়ার এই মানব সমাজের ভিড়ে।
জীবন চলার পথে কতোনা আশা-ভরসা,
আর কতোনা স্বপ্ন-সাধনা এবং
চাওয়া-পাওয়ার মনোকামনা।
অথচ সুখ-দুঃখের ঘাতপ্রতিঘাত আর
লাঞ্ছনা-বঞ্চনার কতোনা জ্বালা-যন্ত্রণা—
এসকল কিছুই মিছে বাসনা
ও শুধু স্বপ্ন-সাধনা।
কেউ না হবে কারো সঙ্গী
ও পথের সাথী,
সঙ্গী বিহীন আসা
আর সঙ্গী বিহীন চলে যাওয়া।
কিসের এতো ক্ষমতার অহংকার ও অহমিকা?
কিছুই রবেনা তোমার চাওয়া-পাওয়া।
তুমি কি জানো কোথা থেকে এলে,
আবার কোথায় যাবে চলে?
পারবে কি দিতে এর কোনো নিশ্চয়তা,
অথবা পারবে কি ধরে রাখতে
নিজেকে কোনো ক্ষমতা বলে?
তাহলে কেনো করছো এতো লীলা-খেলা
দুদিনের দুনিয়ার এই রঙ-মেলায়?
কেনোইবা মেতে উঠো ছলচাতুরি
আর নানা কূটকৌশলের নোংরা খেলায়?
কোনো কিছুতেই লাভ হবেনা,
কি হবে আর এসব করে?
চোখ বুজে একটু ভেবে দেখো
নীরব আঁধারে।
তোমার পূর্বপুরুষেরা কোথায় গেলো?
আছে কি তোমার মাঝে
তাদের কোনো পদচারণা?
তাহলে কিসের এতো
স্বপ্ন দেখার বাসনা?
আসলে সকল কিছুই
মিছে আশা আর মিছে ভরসা।
ধন-সম্পদ ও ক্ষমতার বাহাদুরি—
কোনো কিছুই রবেনা
এ-ভব দরিয়ায়।
তাই সকলের মাঝে গড়ে নাও নিজেকে
মানবসেবার সুপ্ত বাসনার
পরম শান্তির ভালোবাসার
সুখ-দুঃখের আনন্দ-মহিমায়।
লেখক: রফিকুল ইসলাম ভুলু
Reporter Name 


























