
সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতুপী গ্রামে হ্যান্ডকাফ পরা অবস্থায় পুলিশের কাছ থেকে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে তার স্বজনরা। এসময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে।
বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬ রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ থানার এসআই নুর উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল সিএনজিযোগে দামোধরতুপী গ্রামে অভিযান চালায়। এসময় ওই গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ আশিক মিয়াকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আসামিকে গ্রেফতারের পর হ্যান্ডকাফ পরিয়ে সিএনজিতে তোলার সময় তার স্বজনরা অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালায়। ধাক্কাধাক্কি করে তারা আসামিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আসামি পালানোর সময় তার হাতে হ্যান্ডকাফ লাগানো ছিল।
খবর পেয়ে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওলি উল্ল্যাহর নেতৃত্বে থানা পুলিশের আরও একটি দল ঘটনাস্থলে পৌঁছে। তবে ততক্ষণে আসামি ও তার স্বজনরা পালিয়ে যায়।
এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ওসি ওলি উল্ল্যাহ বলেন, “আসামি হ্যান্ডকাফসহ পালিয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
Reporter Name 
























