ওসমান গনি, বান্দরবান প্রতিনিধি
বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের পৃষ্ঠপোষকতা ও সার্বিক সহযোগিতায় আয়োজিত ‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর গ্র্যান্ড ফাইনাল ও সমাপনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
৪ অক্টোবর বান্দরবানে আয়োজিত টুর্নামেন্টের পুরুষ বিভাগের গ্র্যান্ড ফাইনালে বান্দরবান সদর উপজেলা দল ১–০ গোলে আলীকদম উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে উভয় দলের খেলোয়াড়েরা ক্রীড়ানৈপুণ্য ও ক্রীড়াসুলভ মনোভাবের পরিচয় দেন।
নারী বিভাগের গ্র্যান্ড ফাইনালে থানচি উপজেলা নারী দল চ্যাম্পিয়ন এবং বান্দরবান সদর উপজেলা নারী দল রানার্সআপ হয়। পুরুষ বিভাগে বান্দরবান সদর উপজেলা দল চ্যাম্পিয়ন এবং আলীকদম উপজেলা দল রানার্সআপ হয়।
সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়ন কমান্ডার ও ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি।
এ সময় কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল, বিএসপি, বিজিবি সেক্টর কমান্ডার; বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং; সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান থানজামা লুসাই; বান্দরবান সদর জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ, পিএসসি; জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস; মেজর পারভেজ রহমান, জিএসও-২, বান্দরবান রিজিয়ন; জেলা আনসার কমান্ড্যান্ট অরূপ রতন পাল; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. ফরহাদ সরদার; বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু; জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রেজাউল করিম এবং বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজহারুল ইসলাম বাবুলসহ সরকারি কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, সাংবাদিক ও বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী উপস্থিত ছিলেন।
সেরা খেলোয়াড়দের পুরস্কার
নারী বিভাগে সেরা গোলকিপার নির্বাচিত হন রিংকি মারমা। সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান মাপ্রুচিং মারমা। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন দীপা চাকমা।
পুরুষ বিভাগে সেরা গোলকিপারের পুরস্কার পান ইমন বড়ুয়া। সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন মো. জাফর। ফাইনালের ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও পান তিনি।
আয়োজকরা জানান, টুর্নামেন্টে নারী ও পুরুষ দলের খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ এবং দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।
বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, মানবিক সহায়তা, জনকল্যাণ, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে কাজ করে আসছে। এর ধারাবাহিকতায় আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হয়েছে বলে আয়োজকরা জানান।
গ্র্যান্ড ফাইনাল, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় ‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬’।
Reporter Name 





















