আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি অসহায় অন্তঃসত্ত্বা মাহমুদার পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়েছেন ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ইকবাল হোসাইন।
জানা যায়, গর্ভাবস্থার শেষ পর্যায়ে থাকায় মাহমুদা গত ১৯ জুলাই ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। কিন্তু চরম আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধের ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছিলেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাহমুদার সংসারে ৭ বছর ও ১৬ মাস বয়সী দুই কন্যাসন্তান রয়েছে। গত পবিত্র ঈদুল আজহার পর তার স্বামী স্ত্রী ও সন্তানদের রেখে আত্মগোপনে চলে যান। এরপর থেকে দুই সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন মাহমুদা। এরই মধ্যে প্রসবকাল ঘনিয়ে আসায় হাসপাতালে ভর্তি হলেও অর্থাভাবে চিকিৎসা ব্যয় নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তিনি।
অসহায় এই অন্তঃসত্ত্বার খবর পেয়ে ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ইকবাল হোসাইন হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশনা দেন। পাশাপাশি ভালুকা পৌরসভার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও মাহমুদার সার্বিক চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে আশ্বাস দেন।
এসিল্যান্ড মো. ইকবাল হোসাইন বলেন, “অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো প্রশাসনের দায়িত্ব। মাহমুদার প্রয়োজনীয় চিকিৎসা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে বিষয়ে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রশাসনের মানবিক উদ্যোগ প্রশংসিত হয়েছে। অনেকেই সমাজের বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে মাহমুদা ও তার নবজাতকের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
Reporter Name 






















