
সাব্বিক কাজী, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের বন বিভাগের বিট অফিসার মো. সোয়েব খানের বিরুদ্ধে দীর্ঘদিন অফিসে অনুপস্থিত থেকেও সরকারি বেতন উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিট অফিসার মো. সোয়েব খান দীর্ঘদিন ধরে নিয়মিত অফিসে আসছেন না। বিষয়টি নিয়ে অফিসে গিয়ে উপস্থিত স্টাফদের সঙ্গে কথা বললে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যায়।
অফিস স্টাফ শ্যামল চন্দ্র শীল বলেন, “স্যার অফিসে থাকেন।”
তবে অপর স্টাফ নির্মল বাবু জানান, “আমি ৬ মে অফিসে এসে তাকে পাইনি। হয়তো অফিসের কাজে বাইরে গেছেন।”
হাজিরা খাতার বিষয়ে জানতে চাইলে অফিসের কর্মচারীরা জানান, প্রায় ১০ থেকে ১২ দিন ধরে হাজিরা খাতায় কোনো স্বাক্ষর করা হয়নি। এ বিষয়ে প্রশ্ন করা হলে তারা বলেন, “স্যার অফিসের কাজে হাজিরা খাতা সঙ্গে নিয়ে গেছেন।”
সরেজমিনে গিয়ে দেখা যায়, অফিসে দুইজন স্টাফ উপস্থিত থাকলেও তাদের পরনে কোনো অফিসিয়াল পোশাক ছিল না। এছাড়া অফিসের পরিবেশও ছিল অনেকটা অনানুষ্ঠানিক। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অফিসের কার্যক্রমে শৃঙ্খলার অভাব দেখা দিয়েছে।
এ বিষয়ে বিট অফিসার মো. সোয়েব খানের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
অন্যদিকে, রাঙ্গাবালী উপজেলা বন বিভাগের কর্মকর্তা আবুল কালামের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল হাসান মুঠোফোনে জানান, “বিষয়টি অবহিত হয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
Reporter Name 


























