সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার:
“কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে) সকাল ১১টায় ধর্মপাশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের অতিরিক্ত কৃষি উপপরিচালক নাজমুল কবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধর্মপাশা উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মো. চঞ্চল মিয়া। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আসাদ বিন খলিল রাহাত।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কৃষক মো. আব্দুল আজিজ, কারিতাস বাংলাদেশের প্রতিনিধি এসআরএম সৌরভ, ধর্মপাশা প্রেসক্লাব সভাপতি মো. সেলিম আহমেদ, সাংবাদিক রাজু ভুঁইয়া, এমারুল হকসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে কৃষক-কৃষাণীদের সামনে উপজেলার চলমান কৃষি কার্যক্রম তুলে ধরেন উপজেলা কৃষি কর্মকর্তা আসাদ বিন খলিল রাহাত। তিনি ধান ও সবজি চাষাবাদ, প্রদর্শনী প্লট, জৈবসার ব্যবহার, উন্নত বীজ ও রোপণ পদ্ধতি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি হাওরাঞ্চলে কৃষির গুরুত্ব ও করণীয় বিষয়েও দিকনির্দেশনা দেন।
তিনি বলেন, কৃষি স্কুলগুলোকে আরও শক্তিশালী করতে হবে এবং কৃষক-কৃষাণীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন কৃষি কার্যক্রম, প্রদর্শনী ও উপস্থাপনা করা হয়।
Reporter Name 
























