মো. মারুফ,
চট্টগ্রাম সিটি রিপোর্টার:
চট্টগ্রাম জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে মোহাম্মদ মাহবুবের রহমান শামীমকে নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (১৯ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জেলা পরিষদ আইন, ২০০০-এর ৮২ক(১) ধারার ক্ষমতাবলে জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোহাম্মদ মাহবুবের রহমান শামীম চট্টগ্রাম জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। একই আইনের ৮২ক(৩) ধারা অনুযায়ী তিনি জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী তিনি নির্ধারিত ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধা পাবেন।
মাহবুবের রহমান শামীম বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে বিএনপির মনোনয়নে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।
নিয়োগের প্রতিক্রিয়ায় মাহবুবের রহমান শামীম বলেন, “আমাকে এ দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি আমার সর্বোচ্চ দিয়ে জেলা পরিষদের আওতাধীন এলাকার উন্নয়নে কাজ করে যাব।”
Reporter Name 


























