রাজশাহী প্রতিনিধি, মোঃ রবিউল ইসলাম মিনাল:
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় সাধারণ রাস্তা দখল করে ইট, বালি ও ইটের খোয়া রাখায় চার ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র্যাব-৫ ও রাজশাহী সিটি কর্পোরেশনের যৌথ মোবাইল কোর্ট।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বোয়ালিয়া থানাধীন তেরখাদিয়া ও সপুরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৫ সূত্রে জানা যায়, জনসাধারণের চলাচলের রাস্তায় ইট, বালি ও ইটের খোয়া রেখে স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং আইন অমান্যের অভিযোগে চার ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব নাজমুল আলম। এ সময় তাঁর সঙ্গে র্যাব-৫-এর রাজশাহী সদর কোম্পানির একটি দল উপস্থিত ছিল।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম বলেন, নগরবাসীর নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতে অবৈধ দখলদারিত্ব এবং রাস্তা বন্ধের বিরুদ্ধে এনফোর্সমেন্ট কার্যক্রম অব্যাহত থাকবে। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ নগরীকে সবার চলাচলের উপযোগী রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।
Reporter Name 






















