বাংলাদেশের অভিনয়জগতের পরিচিত মুখ অভিনেত্রী রিনা রহমান আর নেই। সোমবার (৩ আগস্ট) রাত ৯টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশের অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ।
সংগঠনটি সামাজিক যোগাযোগমাধ্যমে এক শোকবার্তায় রিনা রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। অসুস্থতার মধ্যেও নিয়মিত অভিনয় করে গেছেন। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সম্প্রতি অভিনয়ে কিছুটা অনিয়মিত হয়ে পড়েন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘পরম্পরা’-তে অভিনয় করছিলেন।
দীর্ঘ অভিনয়জীবনে টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও মঞ্চে অসংখ্য বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের ভালোবাসা অর্জন করেন রিনা রহমান। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে বিটিভির কালজয়ী ধারাবাহিক ‘সংশপ্তক’ (১৯৮৭), চলচ্চিত্র ‘ঠিকানা’ (১৯৯৪), ‘ঘানি’ (২০০৬) এবং জনপ্রিয় নাটক ‘মান অভিমান’।
তার মৃত্যুতে দেশের সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করছেন এবং তার শিল্পীসত্তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন।
Reporter Name 




























