মোঃ মোনাহার মিয়া,
স্টাফ রিপোর্টার
জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকার মালিরচর নয়াপাড়া, হাজিপাড়া, মৌলভীপাড়া, পশ্চিম নামাপাড়া ও মালিরচর এলাকায় দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা না থাকায় প্রায় ৫ হাজার একর কৃষিজমি জলাবদ্ধ হয়ে রয়েছে। এতে ফসল আবাদ ব্যাহত হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কৃষিজমিতে পানি জমে থাকায় চাষাবাদ বন্ধ রয়েছে। পাশাপাশি যাতায়াত ও দৈনন্দিন জীবনেও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।
এ পরিস্থিতিতে গত শনিবার জলাবদ্ধ এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করেন বকশীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র পদপ্রার্থী সাইফুল ইসলাম তালুকদার শাকিল। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে দ্রুত পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
পরিদর্শনের ২৪ ঘণ্টার মধ্যেই, রোববার তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে পানি নিষ্কাশনের পথ পরিষ্কার এবং কচুরিপানা অপসারণের কাজ শুরু করেন। এ সময় তিনি নিজেও পানিতে নেমে কার্যক্রমে অংশ নেন।
স্থানীয় বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা আফসার আলী জানান, দীর্ঘদিনের জলাবদ্ধতায় তারা চরম দুর্ভোগের মধ্যে ছিলেন। পানি নিষ্কাশনের কাজ শুরু হওয়ায় তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দ্রুত স্থায়ী সমাধান হলে কৃষিজমিতে আবারও চাষাবাদ শুরু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ বিষয়ে সাইফুল ইসলাম তালুকদার শাকিল বলেন,
“কৃষকদের দুর্ভোগের কথা জেনে আমি সরেজমিনে এলাকা পরিদর্শন করেছি। আপাতত জরুরি ভিত্তিতে পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থায়ী সমাধানের জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।”
Reporter Name 





















