নিজস্ব প্রতিবেদক, জামালপুর
“মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ ভবিষ্যৎ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস-২০২৬ উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জামালপুরের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিনের শুরুতে শহরের ফৌজদারি মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
র্যালির উদ্বোধনকালে শান্তি ও মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যাশায় রঙিন বেলুন উড়িয়ে কর্মসূচির শুভ সূচনা করা হয়। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ প্রশাসনের সদস্য, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজকে মাদকের কুফল থেকে দূরে রাখতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক প্রচারণা কার্যক্রমও পরিচালিত হয়।
Reporter Name 























