জ্বালানি তেলের সংকটের গুজব ছড়িয়ে পড়ায় চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন পেট্রোল পাম্পে মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) রাত থেকে জেলা শহরসহ বিভিন্ন উপজেলার প্রায় ৩০ থেকে ৩৫টি পাম্পে অতিরিক্ত ভিড় লক্ষ্য করা যায়।
খোঁজ নিয়ে জানা যায়, অধিকাংশ চালকই নির্দিষ্ট কোনো তথ্যের ভিত্তিতে নয়, বরং অন্যদের ভিড় দেখে আতঙ্কিত হয়ে জ্বালানি নিতে লাইনে দাঁড়িয়েছেন। ফলে স্বাভাবিক সময়ের তুলনায় পাম্পগুলোতে চাপ বেড়ে যায়।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জ জেলা পেট্রোল পাম্প মালিক সমিতি জ্বালানি সংকটের খবরকে সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন বলে জানিয়েছে।
সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আলিম বলেন, জেলায় জ্বালানি তেলের কোনো সংকট নেই। সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং দেশে বর্তমানে যে পরিমাণ জ্বালানি মজুত আছে, তা দিয়ে আগামী দুই মাসের চাহিদা নির্বিঘ্নে পূরণ করা সম্ভব।
তিনি আরও অভিযোগ করেন, একটি অসাধু চক্র পরিকল্পিতভাবে কৃত্রিম সংকটের গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। এ ধরনের গুজবে কান না দিয়ে অযথা ভিড় না করার জন্য তিনি মোটরসাইকেল চালক ও সাধারণ মানুষকে আহ্বান জানান।
একই সঙ্গে গুজব ছড়ানোর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সংশ্লিষ্টরা কাজ করছেন বলেও জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 
























