সাভার প্রতিনিধি
সাভারের আমিনবাজার ও হেমায়েতপুর এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জিআর চাল, কৃষি প্রণোদনা, সোলার লাইট বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) দিনব্যাপী আয়োজিত এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও সাবেক ডাকসু ভিপি আমান উল্লাহ আমান।
অনুষ্ঠানের অংশ হিসেবে তিনি প্রথমে হেমায়েতপুর এলাকায় ২৫টি আধুনিক সোলার লাইটের উদ্বোধন করেন। পরে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে আয়োজিত অনুষ্ঠানে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে জিআর চাল বিতরণ কার্যক্রমে অংশ নেন। একই সঙ্গে স্থানীয় কৃষকদের স্বাবলম্বী করার লক্ষ্যে কৃষি প্রণোদনা হিসেবে উন্নত জাতের ধানবীজ ও সার বিতরণ এবং পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান সরকারের উন্নয়ন ও জনকল্যাণমুখী কার্যক্রমের কথা তুলে ধরে বলেন, “আমাদের নেতা তারেক রহমান নির্বাচনের আগেই ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর ঘোষণা দিয়েছিলেন। অত্যন্ত আনন্দের বিষয় যে, ইতোমধ্যে ঢাকা-২ আসনে এই ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কার্যক্রম সফলভাবে শুরু হয়েছে।”
তিনি আরও বলেন, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের কল্যাণে বর্তমান উদ্যোগগুলো বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীদের পুরোহিতদের জন্য সম্মানী ভাতা চালু করার বিষয়টিও উল্লেখ করেন তিনি।
মাদকবিরোধী অবস্থান তুলে ধরে তিনি বলেন, “সাভার, আমিনবাজার ও হেমায়েতপুর এলাকায় কোনোভাবেই মাদকের বিস্তার সহ্য করা হবে না। মাদক সেবন, বিক্রি বা এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” এসময় তিনি ভাকুর্তা ও আমিনবাজারকে একটি আধুনিক ও মডেল জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্প্রতি রাজনৈতিক ও প্রবাসী বিষয়ক প্রসঙ্গ টেনে তিনি বলেন, “তারেক রহমান সম্প্রতি মালয়েশিয়া সফরে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগ নেন। সেখানে কারাবন্দি প্রবাসীদের মুক্তি ও কাগজপত্র জটিলতা নিরসনে কার্যকর ভূমিকা রাখা হয়েছে।”
অনুষ্ঠানে স্থানীয় তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক হাজী আব্দুল আজিজ, সহ-সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান, এশিয়ান টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও হেমায়েতপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ শরিফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Reporter Name 























