তানোর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত মুন্ডুমালা উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজে জরুরি ভিত্তিতে নতুন বহুতল ভবন নির্মাণের দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।
শিক্ষার মানোন্নয়নে অবকাঠামোগত উন্নয়ন অপরিহার্য হলেও দীর্ঘদিন ধরে পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানা গেছে। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, বর্তমানে বিদ্যালয় ও কলেজে ৪৩৪ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক ও কর্মচারী থাকলেও অবকাঠামোগত সংকট শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত করছে।
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের একমাত্র একতলা ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। ছাদ ও দেয়ালের ফাটল দিয়ে রড বের হয়ে রয়েছে। ঝুঁকিপূর্ণ এই ভবনেই শিক্ষার্থীরা নিয়মিত পাঠ গ্রহণ করছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
তবে বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন ও মনোরম। চারদিকে সীমানাপ্রাচীর, বিভিন্ন প্রজাতির গাছপালা ও ফুলের বাগান এবং পর্যাপ্ত খেলার মাঠ রয়েছে। গত বছর প্রতিষ্ঠানটির এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৭৬ দশমিক ৯২ শতাংশ। এছাড়া পাঁচজন শিক্ষার্থী জিপিএ-৫ এবং তিনজন জুনিয়র বৃত্তি অর্জন করেছে।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাদেকুল ইসলাম বলেন, ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চালিয়ে যাওয়া অত্যন্ত উদ্বেগের বিষয়। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত একটি বহুতল ভবন নির্মাণ অত্যন্ত জরুরি।
এ বিষয়ে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীরা দ্রুত নতুন বহুতল ভবন নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
Reporter Name 
























