যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা প্রশমনে এখনো কোনো ইতিবাচক অগ্রগতি না হওয়ায় আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। কূটনৈতিক সমাধানের অনিশ্চয়তা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়িয়ে দেওয়ায় এ মূল্যবৃদ্ধি দেখা গেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, দুই দেশের মধ্যে তাৎক্ষণিক সমঝোতার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়ায় বিশ্ববাজারে তেলের দামে নতুন করে চাপ তৈরি হয়েছে।
সবশেষ লেনদেন অনুযায়ী, ব্রেন্ট ক্রুড-এর দাম ব্যারেলপ্রতি ৬২ সেন্ট বা ০.৭ শতাংশ বেড়ে ৮৪.৩৯ মার্কিন ডলারে পৌঁছেছে। এর আগে টানা দরপতনের কারণে ব্রেন্টের দাম প্রায় ৭ শতাংশ কমে তিন সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। সেখান থেকেই বাজারে আংশিক পুনরুদ্ধার হয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) ক্রুড-এর দামও ৬১ সেন্ট বা ০.৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮০.৯৫ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আগের লেনদেনে ডব্লিউটিআইয়ের মূল্য ৫ শতাংশের বেশি কমে প্রায় এক সপ্তাহের সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছিল।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের ভবিষ্যৎ গতিপ্রকৃতি আগামী দিনগুলোতে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে মূল্য ওঠানামার অন্যতম প্রধান নিয়ামক হয়ে থাকবে।
Reporter Name 






















