আব্দুল্লাহ আল মামুন, হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) সংবাদদাতা:
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে মঙ্গলবার নানা কর্মসূচির আয়োজন করা হয়।
এ উপলক্ষে ঝিনাইদহ জেলার একমাত্র জুলাই শহীদ রাকিবুল হোসেনের সমাধিস্তুপে জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিশ বিন হাসান, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এম এ আব্দুল মজিদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপনের উপস্থিতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় শহীদ রাকিবুল হোসেনের পিতা, মাতা ও গ্রামবাসীকে সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে শহীদ রাকিবুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগের স্মৃতিচারণ করা হয় এবং তাদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা বলেন, জুলাইয়ের শহীদরা গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাদের আদর্শ ধারণ করে দেশ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা এসিল্যান্ড সৈয়দ জাদী মাহবুবা মঞ্জুর মৌনা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর হরিণাকুণ্ডু শাখার আমির মো. বাবুল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Reporter Name 





















