
জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী জিয়া খাল এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৩ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধীন জীম্বংখালী বিওপির একটি বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায়।
আটকরা হলেন জীম্বংখালী নয়াপাড়া এলাকার মো. সোহেল রানা (২১) ও মো. মামুন (২১)।
বিজিবি জানায়, মিয়ানমার সীমান্তের দিক থেকে দুই ব্যক্তি হাতে পোটলা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে টহল দলের সদস্যদের সন্দেহ হয়। তাদের থামার সংকেত দেওয়া হলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে দুজনকে আটক করা হয়।
এ সময় তাদের বহন করা পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১০টি কার্টন থেকে মোট ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা জানিয়েছে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 


























