
মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার।
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে এবং বিদ্যালয়গুলোতে ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে তুমলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে দক্ষিণ সোম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ আগষ্ট) বিকেলে তুমলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া দক্ষিণ সোম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বর্তমান এডহক কমিটির দাতা সদস্য মো. আল-আমিন দেওয়ান এর হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেন।
এ সময় তুমলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সদস্য শিখা বেগম, বিদ্যালয়ের শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিতরণ করা ক্রীড়া সামগ্রীর মধ্যে ছিল ফুটবল, ক্রিকেট ব্যাট, বল, স্টাম্পসহ বিভিন্ন ধরনের খেলাধুলার সরঞ্জাম। এসব সামগ্রী পেয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা সন্তোষ প্রকাশ করেন।
তুমলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে ওঠে। তাই বিদ্যালয়গুলোতে খেলাধুলার পরিবেশ তৈরি সহ সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ইউনিয়ন পরিষদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিদ্যালয়গুলোতে পর্যাপ্ত ক্রীড়া সামগ্রীর অভাব ছিল। ইউনিয়ন পরিষদের এই উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা ক্রীড়া সামগ্রী তাদের খেলাধুলায় আরও আগ্রহী করে তুলবে এবং তাদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Reporter Name 























