কালিগঞ্জ ব্যুরো:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ১৬ নম্বর ছনকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির খসরু মাহমুদের বিরুদ্ধে নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষানুরাগীরা।
সোমবার (২৯ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দেওয়া অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের পাঠদান ব্যাহত করা, দায়িত্বে অবহেলা, অভিভাবকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, স্কুল চলাকালে বিদ্যালয়ের বাইরে অবস্থান, রাজনৈতিক পরিচয় ব্যবহার এবং বিদ্যালয় পরিচালনা কমিটি (এসএমসি) গঠনে অনিয়মের অভিযোগ তোলা হয়।
অভিযোগকারীদের দাবি, প্রধান শিক্ষক প্রায়ই পাঠদান চলাকালে বিদ্যালয়ের মাঠে বা বাইরে মোবাইল ফোনে ব্যস্ত থাকেন। এছাড়া বিদ্যালয়ের সময়েই বিভিন্ন স্থানে অবস্থান করে দায়িত্বে অবহেলা করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তাদের আরও অভিযোগ, বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনের ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুসরণ করা হয়নি। অনেক অভিভাবক সদস্যকে অবহিত না করে তড়িঘড়ি করে সদস্য নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এতে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন অনেক অভিভাবক।
লিখিত অভিযোগে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন শেখ শফিকুল ইসলাম, নাজমুন নাহার, আবুল হায়াত, আশরাফুল ইসলাম, রবিউল ইসলাম, বৈশাখী, আসমা খাতুন, শেখ জাফর ইকবাল, শেখ আতাউর রহমান, শেখ আমজাদ হোসেন, আব্দুস সামাদ, শহিদুল ইসলামসহ স্থানীয় শিক্ষানুরাগী ও অভিভাবকবৃন্দ।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বলেন, “কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না। অভিভাবকদের অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা বলেন, “অভিযোগটি দাপ্তরিকভাবে গ্রহণ করা হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে প্রধান শিক্ষক আমির খসরু মাহমুদের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
Reporter Name 
















