মানবজীবন ডেস্ক | প্রকাশিত: 01 মার্চ 2026, 05:40PM
ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোববার গভীর শোক প্রকাশ করেছেন। খবর মস্কো টাইমসের।
ক্রেমলিনের মাধ্যমে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে পাঠানো বার্তায় পুতিন বলেন,
“ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ডের ঘটনায় আমার গভীর সমবেদনা গ্রহণ করুন। মানবিক নৈতিকতা এবং আন্তর্জাতিক আইনের সব নিয়মকে নিষ্ঠুরভাবে লঙ্ঘন করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।”
তিনি আরও বলেন, “আমাদের দেশে আয়াতুল্লাহ খামেনি একজন অসামান্য রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। যিনি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়নে অসাধারণ ব্যক্তিগত অবদান রেখেছেন।”
রুশ ঊর্ধ্বতন কূটনীতিকরা সতর্ক করেছেন, মার্কিন-ইসরাইলি এ হামলা অঞ্চলটিকে পারমাণবিক দুর্ঘটনার দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে এবং উত্তেজনা এ অঞ্চলের বাইরেও ছড়িয়ে পড়তে পারে।
জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভাসিলি নেবেনজিয়া হামলাকে ‘কূটনীতির প্রকৃত বিশ্বাসঘাতকতা’ হিসেবে অভিহিত করেছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলাকে ‘সুপরিকল্পিত এবং উস্কানিমুক্ত সশস্ত্র আগ্রাসন’ হিসেবে নিন্দা করেছে এবং সতর্ক করেছে, এ হামলা অঞ্চলটিকে মানবিক, অর্থনৈতিক এবং সম্ভাব্য তেজস্ক্রিয় বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে।
Reporter Name 



























